সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার-দোয়ারাবাজার আঞ্চলিক সড়কের দোয়ারাবাজার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড়বন্দ এলাকার ফকিরাপুল সংলগ্ন স্থানে দীর্ঘদিনের দুর্ঘটনাপ্রবণ সড়কের সংস্কারকাজ অবশেষে অবসান হইল মানুষের জীবনের ঝুকির।
বড়বন্দ ফকিরাপুল সংলগ্ন সড়কের এই নির্দিষ্ট স্থানটিতে সামান্য অংশজুড়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। এখানে কিছুদিন পরপরই বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় অনেকেই গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। কেউ কেউ এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য যানবাহন।
দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হয়ে থাকা বড়বন্দ ফকিরাপুল সংলগ্ন ওই স্থানটির সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।
দোয়ারাবাজার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহা: কাছম আলী মেম্বারের তত্ত্বাবধানে এবং দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্তমানে ওই স্থানে সংস্কারকাজ চলছে।
ইউপি সদস্য কাছম আলী মেম্বার জানান, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহের সহযোগিতায় দুর্ঘটনাপ্রবণ স্থানটির কাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন, “যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, রাস্তাটি যেন টেকসই হয়, সেজন্য নিজের পকেটের কিছু টাকা ব্যয় করেও এই জায়গাটার কাজ শক্তিশালীভাবে করছি। যেন মানুষ এই স্থান দিয়ে নিরাপদে চলাচল করতে পারে এবং দুর্ঘটনা থেকে মুক্তি পায়—এটাই আমার উদ্দেশ্য।”
স্থানীয়রা আশা করছেন, বড়বন্দ ফকিরাপুল সংলগ্ন এই দুর্ঘটনাপ্রবণ অংশের সংস্কারকাজ যথাযথভাবে সম্পন্ন হলে এ সড়কে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে এবং পথচারী ও যানবাহন চালকদের চলাচল আরও নিরাপদ হবে।