রাজন আবেদীন রাজু, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশ থেকে রাতের আঁধারে ১৪টি মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার আদমপুর সড়কের ঘোরামারা এলাকায় বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গাছগুলো কেটে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোরামারা এলাকায় সড়কের পাশে বেড়ে ওঠা ইউক্যালিপটাস ও জামজাতীয় ১৪টি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। গাছগুলোর বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর। গাছের অবশিষ্ট গোড়া পড়ে থাকলেও কেটে নেওয়া গাছের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক করাত ব্যবহার করে দ্রুত গাছগুলো কেটে খণ্ড খণ্ড করে যানবাহনে করে সরিয়ে নেওয়া হয়েছে। গাছগুলোর আনুমানিক বাজারমূল্য আড়াই থেকে তিন লাখ টাকা বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম ও হেলাল মিয়া জানান, ঘটনাস্থলের কাছেই রাজকান্দি বনরেঞ্জের কার্যালয় এবং সড়কে চেকপোস্ট রয়েছে। এলাকায় পুলিশি টহলও থাকে। তাঁদের প্রশ্ন, এতগুলো বড় গাছ কাটতে ও সরিয়ে নিতে কয়েক ঘণ্টা সময় লাগলেও বিষয়টি কারও নজরে এলো না কেন? এ ঘটনায় বনাঞ্চল ও সামাজিক বনায়নের গাছের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, একসঙ্গে ১৪টি গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক। বিষয়টি জানার পর বন বিভাগ, থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার বলেন, গাছ চুরির বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে থাকায় তিনি ফিরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে এতগুলো গাছ কেটে সরিয়ে নেওয়া হলো এবং এ ঘটনায় বন বিভাগ বা পুলিশের পক্ষ থেকে কোনো তদন্ত শুরু হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।