দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ের মেয়ে মাশরাফি চৌধুরী ফাইজা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের (ফিফা বিশ্বকাপ ২০২৬) অফিসিয়াল অ্যাম্বাসেডর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। তাঁর এই অভূতপূর্ব সাফল্যে দিরাই, সুনামগঞ্জসহ গোটা সিলেট অঞ্চলে আনন্দের বন্যা বইছে।
ফাইজা সুনামগঞ্জ সমিতি কানাডার সহ-সভাপতি মুশতাক আহমেদ চৌধুরী ও সাবরিনা জাহান আক্তার চৌধুরীর কন্যা। বর্তমানে তিনি কানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।
ফাইজার এই গৌরবময় অর্জন নিয়ে দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া বলেন, "ফাইজা আজ শুধু দিরাইয়ের নয়, সমগ্র দেশের গর্ব। আমাদের হাওরাঞ্চলের সন্তানরা যে বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াতে পারে, ফাইজা তার প্রমাণ। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।
পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি লিডারশিপ ও বিভিন্ন আন্তর্জাতিক ভলান্টিয়ারিং কাজের দক্ষতার কারণেই ফাইজা বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া যজ্ঞে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন।