দিরাই প্রতিনিধি:মোঃ হুমায়ুন কবির
সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের অভিযানে ১২ লিটার মদসহ পিকলু তালুকদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেন্দ্র তালুকদার (৩৭) নামে আরও একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে নোয়াগাঁও বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক সঞ্জয়ের টিনের ঘরের ভেতর চৌকির নিচ থেকে ১২ লিটার মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পিকলু তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, অভিযান চলাকালে রাসেন্দ্র তালুকদার কৌশলে পালিয়ে যান। তিনি রফিনগর ইউনিয়নের সমীপুর গ্রামের রমাকান্ত তালুকদারের ছেলে।
এ ঘটনায় দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৬, তারিখ ৫ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর-১৮৯।
দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংক্রান্ত অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তার পিকলু তালুকদারকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি রাসেন্দ্র তালুকদারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দিরাই থানা পুলিশ।