ময়মনসিংহ প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন এবং প্রয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সম্ভাব্য বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।
রবিবার (১১ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; জেলার উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতিও নিয়মিত পর্যালোচনা করতে হবে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিশ্চিত করে পরবর্তী সভার আগেই অন্তত কয়েকটি কাজের দৃশ্যমান অগ্রগতি তুলে ধরতে হবে।
তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। গণতান্ত্রিক সরকার দ্রুতগতিতে কাজ করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ময়মনসিংহকে উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি।
মাদকদ্রব্য নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেন মন্ত্রী। পাশাপাশি জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে কৃষি ও সমাজকল্যাণ বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ময়মনসিংহের উন্নয়নে ইতোমধ্যে সংসদ সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন, খাদ্যগুদাম নির্মাণ, নদীভাঙন রোধ এবং বিভিন্ন সরকারি ভবন নির্মাণ ও সংস্কার। জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যমান ভবন সংস্কারের পাশাপাশি পাশে নতুন ভবন নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নয়নকাজে অনিয়ম প্রতিরোধে সংসদ সদস্যরাও নজরদারি রাখবেন।
আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রয়োজনে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃসাইফুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন এমপি, লুৎফুল্লাহেল মাজেদ এমপি, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ ছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।