মোঃ মেহেদী হাসান পত্নীতলা প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ও মদ জব্দ করেছে পুলিশ। এ সময় প্রায় ১ হাজার লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাই মদ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। অভিযানে চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোলাই মদ তৈরি ও বাজারজাত করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ওয়াশ এবং প্রস্তুতকৃত চোলাই মদ উদ্ধার করা হয়। পরে জব্দ করা প্রায় ১ হাজার লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়।
অভিযানে চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক তৈরি, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।