রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম জনি। তিনি জয়পুরহাট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর রেলগেট এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তিনি পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন। পরে পর্যায়ক্রমে ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন করে মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।’
তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে সবার সমর্থন ও আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি দলীয় মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই অ্যাডভোকেট নাছিবুল ইসলাম ছনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আলিফ ও আকরাম, যুবনেতা আবদুর রহমান, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক আলিম, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহিদ হোসেন বাবুসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।