রাজন আবেদীন রাজু, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে অপর দুই আসামিকে যথাক্রমে সাত বছর ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন দুলাল মিয়া, বিল্লাল মিয়া, গিয়াস মিয়া ও নাছির মিয়া। আদালত তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও দিয়েছেন। এ ছাড়া মামলার অপর দুই আসামি মুহিবুর রহমানকে সাত বছর এবং জয়নাল মিয়াকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লৈয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।