
ফরিদপুর স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব
এ.এইচ.এম সফিকুজ্জামান।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, (১১ জুলাই) শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, শ্রম আইন ২০০৬ অনুযায়ী বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। পোশাক শিল্পের অগ্রযাত্রা ব্যাহত করতে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করেন। এ সকল ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিক নেতাদের সচেতন হওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি, শ্রমিক নেতৃবৃন্দের নিকট থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
ফরুদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদা সুলতানা, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, জেলা কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুদ্দিন মল্লিক সহ জেলার অন্যান্য শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।