আনন্দ-উৎসবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিষাদের সুর। হৃদয়ে ভক্তিবিনম্র শ্রদ্ধা আর চোখে আনন্দের অশ্রু নিয়ে মর্ত্যলোকের দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ।
বুধবার ( ২১ অক্টোবর ) উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে দিনভর নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির প্রাঙ্গণে সকালে দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলায় অংশ নেন ভক্তরা। দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণ এবং একে অপরকে সিঁদুর মাখিয়ে মঙ্গল কামনা করেন নারীরা। এরপর মণ্ডপে মণ্ডপে শুরু হয় বিজয়া দশমীর শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের প্রস্তুতি।
উপজেলার বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে ভক্তরা প্রতিমা নিয়ে বিসর্জন ঘাটে সমবেত হন। ঢাকের বাদ্য, উলুধ্বনি ও খোল-করতালের শব্দের মধ্য দিয়ে দেবী দুর্গাকে কৈলাসে স্বামীর ঘরে ফিরে যাওয়ার আকুতি জানান ভক্তরা। বিদায়ের এই ক্ষণে অনেক ভক্তের চোখেই ছিল অশ্রু। স্থানীয় পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গোয়াইনঘাটের বিভিন্ন পয়েন্টে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা তৎপর ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার এই বিদায়ের মধ্য দিয়ে জগতের সকল অশুভ শক্তির বিনাশ ঘটে এবং আগামী বছরগুলোতে শান্তি, সুখ ও সমৃদ্ধি নিয়ে দেবী আবার মর্ত্যধামে ফিরে আসবেন।