ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন আলহাজ্ব সিদ্দিকুর রহমান। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে গুরুত্ব দিয়ে এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) বাদ মাগরিব সিদ্দিকুর রহমানের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুর রহমান বলেন, আমি অবহেলিত ভবানীপুর ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তাই দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন,ভবানীপুর ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই। ইউনিয়ন পরিষদ হবে সাধারণ মানুষের আস্থা ও সেবার কেন্দ্র। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আমরা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ভবানীপুর ইউনিয়ন চাই। ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি মেনে নেওয়া হবে না। কোনো অসাধু দালালচক্রের ঠাঁই হবে না ভবানীপুরে। জনগণের সেবা নিশ্চিত করতে হবে জনগণের কাছে জবাবদিহির মাধ্যমে।
তাঁরা আরও বলেন, এলাকার উন্নয়ন, ন্যায়বিচার, সামাজিক সম্প্রীতি ও সাধারণ মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।