শাবিপ্রবির বাংলা অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত 
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলা অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান সাদীর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রধান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, অধ্যাপক ড. মো. ফয়জুল হক, অধ্যাপক ড. শিরিন আক্তার, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মো. জাকির হোসেন ও গোলাম রব্বানীসহ অ্যাসোসিয়েশনের সদস্য ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মো. শামসুদ্দিন।
এ সময় বাংলা বিভাগের শিক্ষার্থী হিসেবে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন ও অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে অ্যালামনাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, "অ্যালামনাই অ্যাসোসিয়েশন হলো বিশ্ববিদ্যালয়ের দর্পণ। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এই মিলনমেলা বিভাগের উন্নয়নে ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরণের আয়োজন আমাদের সৌহার্দ্য বৃদ্ধি করে।"
অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন,"বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছেন। আমাদের অ্যালামনাইরা যখন ক্যাম্পাসে ফিরে আসেন, তখন বর্তমান শিক্ষার্থীদের জন্য তা অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। আমরা চাই এই বন্ধন আরও দৃঢ় হোক।"
অ্যাসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান সাদী বলেন,"সাবেক ও বর্তমানদের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা একে অপরের সান্নিধ্য পাওয়ার সুযোগ পেয়েছি। আমরা শিক্ষার্থীদের ক্যাম্পাসে থেকে দেশে-বিদেশে সকল সমস্যায় সহায়তা করার চেষ্টা করে থাকি। ভবিষ্যতে আমরা বিভাগের শিক্ষা ও শিক্ষার্থীদের সহযোগিতায় আরও বড় পরিসরে কাজ করতে চাই।"