সিলেট মহানগরীসহ জেলাজুড়ে সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসনের প্রতি জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়। বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. বদরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং ইকবাল হোসেন আফাজের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সিলেটে বর্তমানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে। প্রতিনিয়ত চুরি, ছিনতাই ও ডাকাতির খবর জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এ সময় অপরাধী ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশি টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়। এছাড়া নগরীর রিকশা ও সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় কেবল অপরাধ দমন নয়, বরং জনশৃঙ্খলার স্বার্থে রেললাইনের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ ঘরবাড়ি, দোকান ও মার্কেট উচ্ছেদের দাবি জানানো হয়। এছাড়া দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই মৌজার বাগরখালের দুই তীরের অবৈধ স্থাপনাগুলো ম্যাপ অনুযায়ী চিহ্নিত করে দ্রুত উচ্ছেদের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
আইনশৃঙ্খলার পাশাপাশি সভায় সিলেটের তীব্র লোডশেডিং এবং গ্যাস বৈষম্য নিয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। বক্তারা বলেন, সিলেটের গ্যাস জাতীয় গ্রিডে গেলেও স্থানীয়রা সংযোগ থেকে বঞ্চিত। অবিলম্বে লোডশেডিং বন্ধ এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ না দিলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এছাড়া সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়ক ও সিলেট-আখউড়া ডাবল রেললাইনের কাজ দ্রুত শুরু করার জোর দাবি জানানো হয়।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, ডা. হাবিবুর রহমান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আব্দুল অদুদ, কামরুজ্জামান তারা, মারিয়ান চৌধুরী মাম্মি, সাংবাদিক এম.এ হান্নান, ক্ষমা রাণী দে, অ্যাডভোকেট মামুন উর রশিদ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, জাকারিয়া আহমদ মুমিন, রহিমা বেগম ও নাদিয়া ফেরদৌস প্রমুখ।
পরিশেষে, সিলেটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং আঞ্চলিক বঞ্চনা দূর করতে সিলেটের রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ ও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সভা সমাপ্ত করা হয়।