আব্দুস সালাম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের পৃথক চারটি উপজেলায় বজ্রপাতে ৫ জন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ের সময় দিরাই, তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান ও রহমত উল্লাহ, জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন, তাহিরপুর উপজেলার আবুল কালাম এবং দিরাই উপজেলার লিটন মিয়া।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। ওই সময় হাওরে কৃষিকাজ ও হাঁস পাহারা দেওয়ার সময় বজ্রপাতের কবলে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতে আবুল কালাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ধর্মপাশা উপজেলার টগার হাওরে বজ্রাঘাতে হাবিবুর রহমান নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। দিরাই উপজেলার কালিয়াগোটার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান লিটন মিয়া।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে আইনি প্রক্রিয়া শেষ করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন হাওরে অবস্থানরত কৃষকদের আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরাপদ স্থানে আশ্রয়ের পরামর্শ দিয়েছে।