
মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, এর ইউনিয়ন পর্যায়ের বাছাই প্রতিযোগিতা। এতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ২৫০ জন কিশোর-কিশোরী খেলোয়াড় অংশগ্রহণ করে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় পূর্ব পাথারিয়া ইউনিয়নের গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় ১১ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। ইউনিয়ন পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা ক্রীড়া প্রতিভা চিহ্নিত করে তাদের পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে তুলে আনাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, মোজাহিদ উদ্দিন, আলেক মিয়া, নিজাম উদ্দিন, তপু, মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে যোগ্য ও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।
প্রতিযোগিতায় বিপুলসংখ্যক শিক্ষার্থী ও খেলোয়াড়ের অংশগ্রহণে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।