
রাজন আবেদীন রাজু, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মালচিং পদ্ধতিতে আগাম টমেটো চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। ভালো বাজারদর ও উৎপাদনের সম্ভাবনায় এ চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের।
উপজেলার আদমপুর, আলীনগর ও মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে টমেটো চাষ হচ্ছে। কৃষকদের দাবি, আগাম ফসল বাজারে তুলতে পারায় তুলনামূলক ভালো দাম পাওয়া যাচ্ছে। বর্তমানে প্রতি কেজি টমেটো পাইকারি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।
আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের কৃষক সাদেক হোসেন ছয় বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে প্রায় সাত লাখ টাকা। গত বছর তিন বিঘা জমিতে চাষ করে খরচ বাদে আট লাখ টাকা লাভ করেছিলেন তিনি। এবার বাজারদর অনুকূলে থাকলে ১৫ থেকে ২০ লাখ টাকার টমেটো বিক্রির আশা করছেন।
কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর কমলগঞ্জে ৭৫ হেক্টর জমিতে আগাম টমেটো চাষ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ৬০ হেক্টর জমিতে। বর্তমানে উপজেলার প্রায় ৪৯০ জন কৃষক গ্রীষ্মকালীন টমেটো চাষের সঙ্গে যুক্ত রয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম বলেন, মালচিং পদ্ধতিতে মাটির আর্দ্রতা ধরে রাখা ও আগাছা নিয়ন্ত্রণ সহজ হয়। আগাম টমেটো চাষে ভালো বাজারদর পাওয়ার সুযোগ থাকায় কৃষকরা লাভবান হতে পারেন। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও লাভজনক চাষে উপজেলা কৃষি কার্যালয় থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।