
দিরাই উচ্চ বিদ্যালয়ের সদ্যপ্রয়াত সহকারী শিক্ষক মৃণাল কান্তি আচার্য–এর স্মরণে দিরাই উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ–২০১২ এর উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে আয়োজিত এ শোকসভায় প্রয়াত শিক্ষকের বর্ণাঢ্য কর্মজীবন ও মানবিক গুণাবলি স্মরণ করা হয়।
শোকসভায় দিরাই উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দসহ এসএসসি ব্যাচ–২০১২ এর বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নিবেশ দাশ সভাপতিত্ব করেন সম্মানিত শিক্ষক চয়ন দাশ।
শুরুতেই পবিত্র আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রয়াত মৃণাল কান্তি আচার্য’র দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং শিক্ষার্থীদের কাছে ছিলেন একজন অভিভাবকতুল্য মানুষ। সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।
শোকসভায় বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক অলেক , লাল মোহন দাশ ও সালাম । তাঁরা তাঁদের বক্তব্যে মৃণাল কান্তি আচার্য স্যারের কর্মনিষ্ঠা, সময়ানুবর্তিতা ও শিক্ষার প্রতি গভীর ভালোবাসার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, এমন নিবেদিতপ্রাণ শিক্ষক সমাজের জন্য বিরল সম্পদ।
এছাড়া এসএসসি ব্যাচ–২০১২ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল মুবিন, তন্ময় বনিক, প্রান্ত দাস ও লিটন দেবনাথ। সাবেক শিক্ষার্থীরা আবেগঘন কণ্ঠে তাঁদের প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করেন এবং তাঁর আদর্শ জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
শোকসভা সফলভাবে বাস্তবায়নে প্রবাসে অবস্থানরত ১২ ব্যাচের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও সার্বিকভাবে সহযোগিতা করেন জানে আলম, লিলন তালুকদার, মান্না তালুকদার লিমন, মিশু আহমেদ, শাহান মিয়া, মাছুম আহমেদ, দুলাল মিয়া ও শাহজাহান সাজু। তাঁদের আর্থিক ও নৈতিক সহযোগিতার ফলে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান।
এছাড়াও দেশের ভেতর থেকে সার্বিক সহযোগিতা করেন আজওয়াদ কাইয়ুম নাফী, মিনহাজ আহমেদ সালমান, রেজুয়ান আহমেদ, আব্দুল মুবিন, আসাদ আবেদীন, সতেন্দ্র, তন্ময় বনিক ও বিশ্বজিৎ দাশসহ আরও অনেক ব্যাচ সদস্য। আয়োজকরা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণেই এ মহৎ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে।
শোকসভা শেষে প্রয়াত শিক্ষক মৃণাল কান্তি আচার্য’র পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতার নিদর্শন হিসেবে নগদ ৪০ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়। প্রয়াত শিক্ষকের পরিবারের পক্ষে এই অর্থ গ্রহণ করেন তাঁর ছেলে অনিক। এ সময় উপস্থিত সবাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, মৃণাল কান্তি আচার্য’র দিরাই উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। তাঁর অবদান শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে তাঁর আদর্শ ও কর্মই তাঁকে অমর করে রাখবে।