
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সার্বিক সহযোগিতা করায় উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফুলবাড়ীয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি এ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। এ সময় বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। ফুলবাড়ীয়ায় উৎসবটি সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা প্রশংসনীয়।
তাঁরা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব। দুর্গোৎসবের সময় নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে উৎসবের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের আন্তরিক ভূমিকা সকলের মধ্যে আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করেছে।
ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি সনজীব রতন দে, সদস্য অয়ন সাহা, শুভ দাস, বাবুল সাহাসহ বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।