
দিরাই প্রতিনিধি|
সুনামগঞ্জের দিরাই উপজেলা উপজেলার বরাম হাওরের একাংশ ভাঙাডহর ও ডাইয়ারগাও গ্রামের কৃষকদের জমির ধান লুটের অভিযোগ উঠেছে। হাওরের পানি কমতে শুরু করলে ভেসে ওঠা ধান সুযোগ নিয়ে একদল লোক নৌকাযোগে ধান কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বরাম হাওরের পানি কমতে শুরু করলে নোয়াগাও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু সুযোগসন্ধানী লোকজন নৌকাযোগে হাওরে প্রবেশ করে ধান লুটপাট শুরু করে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে পালিয়ে যায়।
তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দাস বলেন, “আমাদের এই হাওরের ষোল আনা ধানের মধ্যে চৌদ্দ আনা ধান ডুবে গেছে। এর মধ্যে বাউসী, নোয়াগাও-সন্তোষপুর ও নাচনী চন্দ্রপুর এলাকার কিছু লোক আমাদের হাওরের ধান লুট করে নিয়ে যাচ্ছে।
বরাম হাওরের কৃষক ভাঙাডহর গ্রামের হরিবল দাস অভিযোগ করে বলেন, জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলেও তারা কোনো কথা শুনছে না।
এদিকে ধান লুটের খবর পেয়ে আজ সকাল প্রায় ১১টার দিকে দিরাই থানা পুলিশ-এর এসআই মাসুদুল হক মাসুমের নেতৃত্বে হাওরে অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের অভিযান টের পেয়ে লুটপাটে জড়িত নৌকাগুলো দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।