
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোয়ারাবাজারে অতর্কিত হামলা, স্বামী-স্ত্রী গুরুতর আহত
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবারের ওপর অতর্কিত হামলার ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি গত ১ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামে ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শামসুন্নাহার বেগম (৫০)-এর গৃহপালিত হাঁস প্রতিবেশী আব্দুল বারেকের ধানক্ষেতে ঢুকে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে নুরজাহান বেগমের ডাকে তার আত্মীয় গিয়াস উদ্দিন ও মোহিবুর রহমানসহ কয়েকজন ব্যক্তি শামসুন্নাহারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
এসময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্বামী ইসহাক আলী (৬০)-কেও হামলাকারীরা মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা দু’জনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনায় জড়িতরা ভুক্তভোগী পরিবারের আত্মীয় বলে স্থানীয়রা জানিয়েছেন, যা ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এ বিষয়ে শামসুন্নাহারের ছেলে আরমিছ আলী সাংবাদিকদের কাছে ঘটনার সঠিক ও নিরপেক্ষ তথ্য তুলে ধরার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।