
ময়মনসিংহ প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর মুক্তিযোদ্ধাদের আদর্শ ও আত্মত্যাগের গৌরবগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এ কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ মোঃ শাহাবুল আলমকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান কায়েকোবাদকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ জেলা কমান্ড কাউন্সিল এ কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলাইমান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলামের অনুমতিক্রমে জেলা কমান্ড কাউন্সিল এ অনুমোদন প্রদান করে।
অনুমোদনপত্র সূত্রে জানা যায়, নবগঠিত কমিটির আহ্বায়ক শাহ মোঃ শাহাবুল আলম বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ মজের উদ্দিনের সন্তান। তিনি ত্রিশাল উপজেলার চরপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে সদস্য সচিব কায়েকোবাদ বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলামের সন্তান। তাঁর বাড়ি উপজেলার গোপালপুর এলাকায়।
মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাঁদের সেই বীরত্বগাথা শুধু ইতিহাসের অংশ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশপ্রেম, সাহসিকতা ও মানবিক মূল্যবোধের অনন্য প্রেরণা। মুক্তিযোদ্ধাদের সেই গৌরবময় উত্তরাধিকার ধারণ করে তাঁদের সন্তানদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুমোদিত কমিটির মেয়াদ তিন মাস নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে উপজেলার সব ইউনিয়নে সংগঠনের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা ও বিভাগীয় কমিটির সঙ্গে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
এ ছাড়া অনুমোদনপত্র জারির ১৫ দিনের মধ্যে পরিচিতি সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কমিটি বাতিল বলে গণ্য হবে বলেও অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে কমিটির সদস্যসংখ্যা বৃদ্ধি, পরিবর্তন ও বাতিলের ক্ষমতাও সংরক্ষণ করেছে জেলা কমান্ড কাউন্সিল।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির মাধ্যমে ত্রিশালে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ন্যায্য অধিকার, সামাজিক মর্যাদা ও কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।
তাঁদের মতে, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা, তাঁদের বীরত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা পৌঁছে দেওয়া শুধু মুক্তিযোদ্ধা পরিবারের দায়িত্ব নয়, এটি পুরো জাতির নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ত্রিশালের নবগঠিত কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।