
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় বিরামহীন গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মতিন। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছেন। প্রচারণার প্রতিটি ধাপেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাচায়ানী ও নন্দীরগাঁও গ্রামে এক বিশাল গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মতিন এলাকার প্রবীণ মুরব্বি, যুবক, শিশুসহ সর্বস্তরের মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রবীণ মুরব্বিরা তাকে বুকে জড়িয়ে নিয়ে মন খুলে দোয়া করেন এবং যুবসমাজ তাকে করমর্দন (হ্যান্ডশেক) করে স্বাগত জানায়।
গণসংযোগকালে সাধারণ ভোটাররা জানান, এম এ মতিন একজন জনবান্ধব, সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব। ইউনিয়নের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান এবং আধুনিক ও মডেল ইউনিয়ন গঠনে তারা একজন যোগ্য অভিভাবক হিসেবে তাকেই চেয়ারম্যান পদে দেখতে চান।
উপস্থিত জনসাধারণের উদ্দেশে এম এ মতিন বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। পাটলী ইউনিয়নের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন এবং একটি দুর্নীতিমুক্ত, মানবিক ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।” তিনি ইউনিয়নবাসীর ভালোবাসা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং আসন্ন নির্বাচনে সার্বিক দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো এলাকা জুড়ে এখন নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।