
দিরাই উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলীয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে মানবকল্যাণ ফাউন্ডেশন। বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় সংগঠনটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন শিমুল পাল, লোকেশ তালুকদার ও আকাশ আচার্য্য। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের একটি তালিকা সংগ্রহ করেন সংগঠনের প্রতিনিধিরা। আগুনে পুড়ে যাওয়া শিক্ষার্থীদের বই-খাতা নতুন করে কিনে দেওয়ার আশ্বাসও দেন তাঁরা।
এ সময় শিমুল পাল ও লোকেশ তালুকদার বলেন, “এলাকার কয়েকজন মানুষের সহযোগিতায় আমরা আপনাদের জন্য সামান্য কিছু খাদ্যসামগ্রী নিয়ে এসেছি। আমরা মূলত অসহায় শিক্ষার্থীদের নিয়ে কাজ করি। পাশাপাশি সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। অগ্নিকাণ্ডে যেসব শিক্ষার্থীর বই পুড়ে গেছে, তাদের নতুন বই-খাতা কিনে দেওয়ার ব্যবস্থা খুব শিগগিরই করা হবে।”
উল্লেখ্য, গত ২ নভেম্বর জারলীয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরবাড়ি, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে। প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে।
এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবকল্যাণ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নতুন বই-খাতা কিনে দেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের মতে, এমন মানবিক উদ্যোগ বিপদগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করবে।
মানবিকতার হাত বাড়িয়ে দুর্দিনে মানুষের পাশে মানবকল্যাণ ফাউন্ডেশন।