
এস ডব্লিউ সাগর তালুকদার স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৫ নং পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক বিরোধের অবশেষে সুন্দর ও শান্তিপূর্ণ সমাধান হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং থানা প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়।
সমাধান প্রক্রিয়ায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মহিবুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার আব্দুস শহীদ, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা কমর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, সমাজসেবক অলিউর রহমান, আব্দুল কাহার, সিরাজ মিয়া মাস্টার, সবুজ মিয়া, গুলিনুর, সাংবাদিক সাগর তালুকদার, লিটন মিয়া, মসলম আলী, ইলিয়াস আলী, সমুজ আলী, কবির আহমদ, রুহুল আমিন ও হৃদয়সহ থানা প্রশাসনের প্রতিনিধি এএসআই ফয়েজ আহমদ এবং এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত সকলের আন্তরিকতা, সহযোগিতা, পারস্পরিক আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ মনোভাবের কারণে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিরোধটির সুন্দর সমাধান সম্ভব হয়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে একটি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। তাই বিদ্যালয়ের পরিবেশ সুন্দর, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো বিরোধ বা মতপার্থক্যের কারণে যেন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও আন্তরিক আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি।
সর্বশেষে উপস্থিত সবাই বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।