
তাহিরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা
সুনামগঞ্জ প্রতিনিধি:
তাহিরপুর উপজেলায় বাণিজ্যিক এলাকা বাদাঘাট বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও সঠিকভাবে ওষুধ সংরক্ষণ না করার দায়ে তিনটি ফার্মেসি মালিককে মোট ১৫০০০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩০ ই মার্চ সোমবার সকাল ১১টার দিকে তাহিরপুরের বাদাঘাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ আলম শান্তনু এবং সুনামগঞ্জ ঔষুধ প্রশাসন অধিদপ্তর এর ঔষুধ তত্ত্বাবধায়ক মিঠন সাহা। আইনশৃঙ্খলা রক্ষায় তাহিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং যথাযথ সংরক্ষণব্যবস্থা না থাকার প্রমাণ পাওয়া যায়। পরে ‘ওষুধ ও কসমেটিক আইন’ অনুযায়ী ছয়টি ফার্মেসিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারের কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগ ছিল। তারা মনে করেন, নিয়মিত নজরদারি জোরদার হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে সক্ষম হবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনিয়ম সহ্য করা হবে না। নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।