
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্রিড উপকেন্দ্র কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়নের লক্ষ্যে আগামীকাল সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
কর্তৃপক্ষ জানায়, কাজের গুরুত্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের আগামীকাল সকালের জরুরি কাজগুলো আগেভাগেই গুছিয়ে রাখার অনুরোধ জানানো হয়েছে।