
আল আমিন মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলইখালীতে অজিৎ স্মৃতি পাঠাগারের উদ্যোগে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ পাঠ, গ্রন্থ বিতরণ, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বইপাঠের মাধ্যমে সৃজনশীল চিন্তা ও অনুভূতি প্রকাশে পাঠকদের উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় অজিৎ স্মৃতি পাঠাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পাঠকদের মধ্যে ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থ বিতরণ করা হয়। আগামী ১০ নভেম্বরের মধ্যে বইটির ওপর পাঠ-প্রতিক্রিয়া জমা দেওয়ার জন্য পাঠকদের বলা হয়েছে।
‘সুলতানার স্বপ্ন’ পাঠের মধ্য দিয়ে পাঠকেরা নিজেদের সৃজনশীল অনুভূতি প্রকাশের সুযোগ পাচ্ছেন। নারী জাগরণ ও নারীর ক্ষমতায়নের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের এ গ্রন্থ পাঠের মাধ্যমে পাঠকদের চিন্তাশক্তি ও মননশীলতা বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
অজিৎ স্মৃতি পাঠাগারের সভাপতি অধীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অসীম সরকার। বক্তব্য দেন গলইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মনোরঞ্জন চাকলাদার, ধনঞ্জয় চাকলাদার, রাইকিশোরী ধামাইল একাডেমির সদস্য ক্ষিতিশ সরকার, সুবীর চকদার, মোহাম্মদ রফিক, দ্বীপক সরকার, রতন সরকার, সুধাংশু সরকার, হরেন্দ্র সরকার, গোপেশ সরকার, ছানা রানী সরকার, সুপ্রভা চাকলাদার ও অঞ্জনা রানী সরকারসহ অনেকে।
অনুষ্ঠানে রাইকিশোরী ধামাইল একাডেমির প্রশিক্ষণার্থীরা ধামাইল নৃত্য পরিবেশন করেন। এতে অংশ নেন প্রমা, প্রজ্ঞা, প্রাচী, স্বর্ণা, সুক্তা ও দিশাসহ অন্যরা। সবশেষে বাউল লাল শাহ্ ও তৃণা সরকার বাউল গান পরিবেশন করেন।
‘সুলতানার স্বপ্ন: আজকের পাঠ- সুলতানার স্বপ্ন পড়ো, সৃজনশীল অনুভূতি প্রকাশ করো’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতায় ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সমিতি। বইপাঠ, চিত্রাঙ্কন ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে সাহিত্যচর্চার আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।