
মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,
হাওরের ফসল রক্ষা বাঁধের কার্যক্রম তদারকি, ২০২৬-২০২৭ অর্থবছরের বাঁধের প্রাক্কলন তৈরির আগে গুরুত্বপূর্ণ বাঁধ পরিদর্শন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জরুরি সভা করেছে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় ও সুনামগঞ্জ জেলা কমিটি।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের সংগঠনের অস্থায়ী কার্যালয় সুনামকণ্ঠ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়।
সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, অর্থ সম্পাদক আরতি তালুকদার কলি, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি কবি ইয়াকুব বখত বাহলুল, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহসভাপতি মোঃ আলীনুর মিয়া, অর্থ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন, সদস্য মোঃ হাবিবুল্লাহ আছকির তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সদস্য সিরাজুল ইসলাম শ্যামল এবং শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ।
সভায় ২০২৬-২০২৭ অর্থবছরে হাওরের ফসল রক্ষা বাঁধের প্রাক্কলন তৈরির আগেই বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ বাঁধ সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি উপজেলা কমিটিগুলোকে আরও সক্রিয় করা, মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন আয়োজন এবং সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া সংগঠন থেকে অন্য হাওরবিষয়ক সংগঠনে যুক্ত হওয়া সদস্যদের শূন্যপদ ঘোষণা, নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে কমিটি পুনর্গঠন ও পূর্ণাঙ্গকরণ, পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া এবং চলমান মামলা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অতীতের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদকে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সাধারণ সম্পাদকের পদ শূন্য থাকায় সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখা এবং সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ আনোয়ারুল হক, কার্যকরী সদস্য শওকত আলী ও মোঃ ইছমাইল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি মানব চৌধুরী এবং সদস্য আব্দুর রাজ্জাক, মোঃ মুজিবুর রহমান মজুমদার, জালাল উদ্দিন নাসিম ও আদিল আরমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হাওরের ফসল রক্ষা বাঁধের পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রমে মাঠপর্যায়ের তদারকি জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে সভার সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।