
আলী আহমদ রিপন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ে প্রায় তিনশ বছরের ঐতিহ্যবাহী লাল বর্ণের দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বিরল এই প্রতিমার দর্শন পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে মন্দির ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঐতিহাসিক পাঁচগাঁও সাধন সর্বানন্দ দাশ আরাধিত শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে মন্দির এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পূজার শেষ দিন পর্যন্ত এ নিরাপত্তাব্যবস্থা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেব, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমদ রাসেল, পাঁচগাঁও ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন্ত দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
স্থানীয় ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ পাঁচগাঁওয়ের এই লাল দুর্গাপূজা। প্রায় তিন শতাব্দীর ইতিহাস ধারণ করা ব্যতিক্রমী এই আয়োজন শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, বরং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও পরিচায়ক। প্রতিবছর লাল বর্ণের দুর্গাপ্রতিমা দর্শনে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। পূজাকে কেন্দ্র করে মন্দিরসংলগ্ন এলাকায় বসে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা, যা পুরো এলাকায় সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।