
আলী আহমদ রিপন স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের রাজনগরে শ্রীশ্রী কানাই লাল জীউর আশ্রমে ঝুলন যাত্রা উৎসব ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ভক্তিমূলক ভজন-সংগীতের এক মনোমুগ্ধকর সন্ধ্যা। সুর, ভক্তি ও আধ্যাত্মিক আবেশে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
টিম বৃষ্টি দিদি ও ব্র্যান্ডের শিল্পীদের পরিবেশনায় একের পর এক ভক্তিমূলক ভজন-সংগীত পরিবেশিত হলে উপস্থিত ভক্তরা মুগ্ধ হয়ে তা উপভোগ করেন। বিশেষ করে বৃষ্টি দিদির অসাধারণ কণ্ঠ, ভক্তি ও সুরের মূর্ছনায় পুরো আশ্রম প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে এক অন্যরকম আবেগঘন ও ভক্তিময় পরিবেশ।
ভজনের সুরে কখনো নীরব হয়ে শ্রোতারা হারিয়ে যান আধ্যাত্মিক আবেশে, আবার কখনো করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। উপস্থিত ভক্তদের হৃদয়ে এ সন্ধ্যা হয়ে ওঠে স্মরণীয় এক আয়োজন।
অনুষ্ঠানে পরিদর্শনে আসেন রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। এ সময় থানার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ওসি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাজনগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রূপক চন্দ্র দেব, স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্য হাফিজুর রহমান পংকি এবং রাজনগর পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক ঝলক দাশ।
এছাড়া বিশিষ্ট সনাতন ধর্মানুরাগী ব্যক্তিত্ব ও স্বনামধন্য প্রতিষ্ঠান স্বাগত মিষ্টি ঘর-এর প্রোপাইটার মানিক দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনগর উপজেলাসহ পার্শ্ববর্তী বালাগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চারগ্রামসহ রাজনগর ও বালাগঞ্জ উপজেলার ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় ঝুলন যাত্রা উৎসব ২০২৬ উপলক্ষে এমন একটি সুন্দর সাংস্কৃতিক ও ভক্তিমূলক আয়োজন করা সম্ভব হয়েছে।
আয়োজকরা বলেন, টিম বৃষ্টি দিদি ও ব্র্যান্ডের শিল্পীদের হৃদয়ছোঁয়া ভজন-সংগীত শুধু অনুষ্ঠানকে প্রাণবন্ত করেনি, উপস্থিত ভক্তদের হৃদয়েও তৈরি করেছে আনন্দ ও ভালোবাসার এক অনন্য অনুভূতি। তাঁদের এই সুন্দর পরিবেশনা দীর্ঘদিন স্মরণে থাকবে।