
যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেন
যশোরের ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হান্নান তরফদারকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যশোর জেলা শাখা। গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস নোটে উল্লেখ করা হয়, হান্নান তরফদারের কাজ ও আচরণে কিছু গুরুতর অসংগতি পরিলক্ষিত হয়েছে, যা সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়েছে। এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাঁকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সতর্ক করা হয়।
যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পী ও সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরানের নির্দেশনায় এ সতর্কবার্তা জারি করা হয়েছে বলে প্রেস নোটে উল্লেখ রয়েছে। এতে স্বাক্ষর করেছেন জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান।