
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পূর্ব বাংলাবাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন আন নুর তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দেশসেরা চ্যাম্পিয়ন অন্ধ হাফেজ কলিম সিদ্দিকীর আনুষ্ঠানিক নিয়োগ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসাটির প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক সাফল্য, শিক্ষার মানোন্নয়ন ও ধর্মীয় শিক্ষার প্রসারে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। নতুন করে দেশসেরা চ্যাম্পিয়ন অন্ধ হাফেজ কলিম সিদ্দিকীর নিয়োগের ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত হয়ে বিশ্বমানের পর্যায়ে পৌঁছাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় মাদ্রাসার মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা হাফিজুর রহমান মনিরের সভাপতিত্বে এবং বাংলাবাজার কওমি মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা তৌরিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে মশক প্রদান করেন সদ্য নিয়োগপ্রাপ্ত দেশসেরা চ্যাম্পিয়ন অন্ধ হাফেজ কলিম সিদ্দিকী। তার নিয়োগকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় আলেম-ওলামাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং বাংলাবাজার কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হুসাইন আহমদ কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শায়েখ আব্দুস সালাম, বালিউড়া কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আখতার হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা ফখরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল আজিজ, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আলী, হাফেজ কয়েস আহমেদ, হাফেজ নজরুল ইসলামসহ বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক, ইমাম ও খতিবগণ।
আন নুর তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাটি করোনাকালীন প্রতিকূল সময়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দক্ষ শিক্ষক, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে সিরিয়াল অর্জন করেছে বলে জানান সংশ্লিষ্টরা। বর্তমানে মাদ্রাসাটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ জনেরও বেশি। প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের কোরআন হিফজ করানো নয়; বরং কোরআন-সুন্নাহর আলোকে নৈতিকতা, আদব-আখলাক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত পাঠদান, মশক, তাজবিদ, হিফজ ও আমল-আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশসেরা চ্যাম্পিয়ন অন্ধ হাফেজ কলিম সিদ্দিকীর নিয়োগকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন শিক্ষক ও অভিভাবকরা। দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী একজন হাফেজ হিসেবে তার অভিজ্ঞতা ও দক্ষতা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের প্রত্যাশা, হাফেজ কলিম সিদ্দিকীর যোগদানের মাধ্যমে শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত, হিফজের মান, মাখারিজ ও তাজবিদে আরও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, পরিকল্পিত ও মানসম্মত করার উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলেন, ইতোমধ্যে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আন নুর তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা স্থানীয়ভাবে একটি সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। নতুন শিক্ষক হিসেবে দেশসেরা চ্যাম্পিয়ন অন্ধ হাফেজ কলিম সিদ্দিকীর যোগদানে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এখানকার শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশাই করছেন তারা।
অনুষ্ঠানের শেষে হাফেজ কলিম সিদ্দিকীর নতুন কর্মজীবনের সফলতা, মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।