
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক কৃষকের চাষকৃত ধানিজমিতে জোরপূর্বক হালচাষ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে কৃষক পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে। পরদিন ভুক্তভোগী মাহমদ আলী (৫০), মৃত কাসিম আলীর ছেলে, সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা হলেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি—একরামুল হক (খুশমান), ফখর উদ্দিন, আমিরুল হক এবং শমর আলী। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার দিন সকাল প্রায় ১০টার দিকে মাহমদ আলী জানতে পারেন, তার রেকর্ডভুক্ত ধানিজমিতে ট্রাক্টর দিয়ে জোরপূর্বক হালচাষ চালিয়ে বোরো ধান নষ্ট করা হচ্ছে। বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালায়।
এ সময় কৃষকের স্ত্রীকেও মারধর করা হয় এবং তার পরিধেয় কাপড় ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এছাড়া মাহমদ আলীর ভাতিজা লইলুছ আলীকে আটক করে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী মাহমদ আলী অভিযোগ করে বলেন, তার জমির ফসল নষ্ট করার পাশাপাশি প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। এমনকি মামলা দায়েরের পরও অভিযুক্তরা তাদের বাড়িতে গিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে অভিযুক্ত একরামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ফসল নষ্টের ঘটনা দুঃখজনক। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।