
স্টাফ রিপোর্টার : এস ডব্লিউ সাগর তালুকদার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সমাজসেবক খোরশেদ আলম। এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খোরশেদ আলম বলেন, সম্প্রতি তাঁর নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যেসব পোস্ট ও প্রচারণা চালানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। পোস্টগুলোতে যে ধরনের ঘটনা উল্লেখ করা হয়েছে, বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, গত রোববার কলাউড়া মার্কেটে নাইম নামের এক ব্যক্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় দোকান স্থাপন করে ব্যবসা করছিলেন। সরকারি জায়গায় দোকান স্থাপনের বিষয়টি জানতে পেরে তিনি ওই ব্যক্তিকে সেখানে দোকান না করার জন্য নিষেধ করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক বিভিন্ন পোস্ট দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
খোরশেদ আলম আরও বলেন, আমি কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। সরকারি জায়গা দখল করে দোকান স্থাপনের প্রতিবাদ করাই যদি অপরাধ হয়, তাহলে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা হোক। কিন্তু আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ও প্রচারণা সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ উদ্যোগে অপসারণ না করলে তাদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য, ছবি বা পোস্ট শেয়ার না করার আহ্বান জানান। একই সঙ্গে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার অনুরোধ করেন।