
যুক্তরাজ্য প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাসরত সুনামগঞ্জের ৭নং জগদল ইউনিয়নের প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোংরুবেল আহমদ।
গত ২৬ আগস্ট, বুধবার বার্মিংহামের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় জগদল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় মোংরুবেল আহমদ বলেন, তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণ, উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে চান। এ লক্ষ্যে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জগদল ইউনিয়নের প্রবাসীদের কাছে তিনি দোয়া, পরামর্শ, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। নিজেদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর পাশাপাশি দেশের যেকোনো সংকট ও ক্রান্তিলগ্নে প্রবাসীরা মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা বলেন, প্রবাসীরা শুধু নেওয়ার জন্য নয়, বরং দেশ ও মানুষের কল্যাণে দেওয়ার জন্যই সবসময় প্রস্তুত থাকেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে মোংরুবেল আহমদের বিভিন্ন সমাজ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়িয়ে জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ড জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা কাছ থেকে জেনে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেন তারা।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সঠিক সময়ে যুক্তরাজ্যে বসবাসরত জগদল ইউনিয়নের প্রবাসীরা মোংরুবেল আহমদের পাশে দাঁড়িয়ে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
মতবিনিময় সভার শেষ পর্যায়ে মোংরুবেল আহমদ যেন ভবিষ্যতে জনপ্রতিনিধি হয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা করতে পারেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারেন—এ জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
দোয়ার মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।