
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করে নিম্নমানেনর নির্মাণসামগ্রী ব্যবহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। নিম্নমানের ইট-বালি পরিবর্তন করে নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত না করা পর্যন্ত সংশ্লিষ্ট কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) সকালে তিনি উপজেলার সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন কাইতকান্দা সেতু, মধ্যনগর থেকে টুকের বাজার পর্যন্ত সাবমার্সিবল সড়ক এবং উড়াল সড়ক প্রকল্পের ৭ নম্বর প্যাকেজের চলমান কাজ পরিদর্শন করেন। উড়াল সড়ক প্রকল্পের এ প্যাকেজে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকা।
পরিদর্শনকালে সড়ক প্রকল্পের কাজে নিম্নমানের ইট-বালি দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। এ সময় উপস্থিত উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মোহাম্মদ মুন্সি শাহাব উদ্দিনকে নিম্নমানের নির্মাণসামগ্রী পরিবর্তন করে নির্ধারিত মানের ইট, বালি ও পাথর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “আমার নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও ফাঁকিবাজি চলবে না। আজ কয়েকটি কাজের সাইট পরিদর্শন করেছি। যেখানে নিম্নমানের নির্মাণসামগ্রী পেয়েছি, সেগুলো পরিবর্তন করে ভালো মানের সামগ্রী ব্যবহার করে কাজ করার নির্দেশনা দিয়েছি।”
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, উন্নয়নকাজে কোথাও কোনো ধরনের অনিয়ম চোখে পড়লে তাঁকে সরাসরি জানাতে হবে। উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত সংসদ সদস্য মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি মধ্যনগরে রাত্রিযাপন করেন।
উন্নয়নকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও মো. আবুল বাশার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল,জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আঃ কাদির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।