
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ফরাস উদ্দিন। তিনি লক্ষিপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামের বাসিন্দা এবং লক্ষিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।
দীর্ঘদিন ধরে রাজনীতি, চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকায় স্থানীয়ভাবে তিনি একজন সুপরিচিত মুখ। নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, মতবিনিময় সভা এবং শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের মতামত গ্রহণ করছেন।
ফরাস উদ্দিন বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের সেবা করার একটি দায়িত্ব। একজন চিকিৎসক হিসেবে যেমন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, তেমনি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে আরও বৃহৎ পরিসরে জনগণের সেবা করতে চাই।”
তিনি বলেন, দলীয় সমর্থন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে লক্ষিপুর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়নে পরিণত করতে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ সড়ক, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং অসহায় মানুষের কল্যাণকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সরকারি বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং দুর্নীতি ও অনিয়মমুক্ত প্রশাসনিক পরিবেশ গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য। পাশাপাশি মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফরাস উদ্দিন দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে অনেকেই মনে করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষিপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা দলীয় সমর্থন লাভের আশায় মাঠপর্যায়ে জনসংযোগ বাড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় ফরাস উদ্দিনও দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের দোয়া, সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের আস্থা ও ভালোবাসাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। দল যদি আমাকে সমর্থন দেয় এবং জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, তাহলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে লক্ষিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব, ইনশাআল্লাহ।”