
স্টাফ রিপোর্টার, মোঃ বাবুল হোসেন
সাভারের আশুলিয়ার জামগড়া মোল্লা বাজারের তেঁতুলতলা বালুর মাঠ এলাকায় মাদক বিক্রির অভিযোগ উঠেছে কয়েকজন বখাটে যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন ওই এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি ও মাদকসেবীদের আনাগোনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত কয়েকজন যুবক প্রায় ২৪ ঘণ্টাই এলাকায় অবস্থান করে মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে তারা অভিযোগ করেন। তাদের অনেককেই স্থানীয়রা চেনেন বলেও দাবি করেছেন। তবে ভয়ে কেউ প্রকাশ্যে তাদের নাম বলতে চান না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে কথা বলতে গেলেই বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হয়। ফলে পরিচিত হলেও নিরাপত্তার আশঙ্কায় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না অনেকেই।
স্থানীয়দের অভিযোগ, মাদকের অবাধ বিস্তারের কারণে এলাকার কিশোর ও তরুণদের একটি অংশও বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি মাদকসেবীদের আনাগোনায় সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের চলাচলেও আতঙ্ক তৈরি হয়েছে বলে জানান তারা।এলাকাবাসীর দাবি, তেঁতুলতলা বালুর মাঠ এলাকায় মাদক বিক্রির অভিযোগ দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই করা হোক।
একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং এলাকাটিতে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।