
শিশুদের ব্যক্তিগত নিরাপত্তা ও নিরাপদ-অনিরাপদ স্পর্শ সম্পর্কে সচেতন করতে সিলেটে ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ শীর্ষক সেশন আয়োজন করেছে যুবনেতৃত্বাধীন সামাজিক কল্যাণমূলক সংগঠন ইমপ্যাক্ট৩৬০ (Impact360)।
সোমবার (৮ সেপ্টেম্বর) সিলেটের নয়াবাজার, আখালিয়ায় অবস্থিত বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সংগঠনটির প্রথম কর্মসূচি হিসেবে এ সেশনের আয়োজন করা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বিদ্যালয়ের প্রায় ১৫০ শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন।
সেশনে শিশুদের ব্যক্তিগত নিরাপত্তা, শরীর ও ব্যক্তিগত অঙ্গ সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি নিরাপদ ও অনিরাপদ স্পর্শ সম্পর্কে সচেতন করা হয়। শিশুদের বিষয়গুলো সহজভাবে বোঝাতে NSPCC-এর ‘সেফ বডি রুলস’-এর পাঁচটি নিয়মকে কেন্দ্র করে সেশনটি পরিচালনা করা হয়। পাশাপাশি শিশুদের জন্য নির্মিত সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের একটি সংক্ষিপ্ত সচেতনতামূলক অ্যানিমেটেড ভিডিও প্রদর্শন করা হয়।
সেশনের শেষপর্বে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে সেশনে তারা কী শিখেছে এবং বিষয়গুলো কতটা বুঝতে পেরেছে, তা জানার চেষ্টা করা হয়।
ইমপ্যাক্ট৩৬০-এর প্রতিষ্ঠাতা সদস্য রিদওয়ানুল হক সাদ ও শিপ্রা রানী নাথের সার্বিক তত্ত্বাবধানে সেশনটি পরিচালনা করেন সংগঠনটির সদস্য তাজরীন নুর কোরাইশী ও আনিসা ইসলাম। কর্মসূচির প্রস্তুতি ও পরিচালনায় যুক্ত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য রিফাত সাইফ।
আয়োজকরা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি। শিশু সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরির এ উদ্যোগ ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার পথ তৈরি করবে।
উল্লেখ্য, ইমপ্যাক্ট৩৬০-এর পাঁচ প্রতিষ্ঠাতা সদস্যই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষা, কমিউনিটি ডেভেলপমেন্ট ও নেতৃত্বসহ পাঁচটি মূলভিত্তিকে সামনে রেখে সংগঠনটি শিক্ষা, সচেতনতা ও কমিউনিটিভিত্তিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তনে কাজ করছে।