
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এবারের প্রতিপাদ্য ছিল “মানুষের মুখে হাসি ফোটাই, মানবতার আলো ছড়াই।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র্যালি, কেক কাটা এবং ১৭ প্রজাতির বৃক্ষরোপণের আয়োজন করা হয়। এছাড়া ২ আগস্ট ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের কর্মজীবী শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, ফল উৎসব, বিভিন্ন খেলাধুলা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষ হয়।
২০০৯ সালের ১ আগস্ট যাত্রা শুরু করা সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই “দীপশিখা হাতে স্বপ্নের পথে” মূলমন্ত্র ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, জরুরি রক্তদান, চ্যারিটি কার্যক্রম এবং সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটির শিক্ষা, চ্যারিটি ও রক্তদান উইংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনটি প্রতিবছর সমাজকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এর মধ্যে রয়েছে ঈদবস্ত্র বিতরণ, শীতার্তদের সহায়তায় ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান’, বইমেলা, চ্যারিটি পিঠা উৎসব, বসন্ত উৎসব, ফিল্ম ফেস্ট, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ‘বিনিময়ে নৈসর্গ’সহ বিভিন্ন মানবিক উদ্যোগ।
এ বিষয়ে স্বপ্নোত্থানের সভাপতি মামুন হোসেন বলেন, স্বপ্নোত্থান তার ১৭ বছরের পথচলায় পাশে থাকা সকল স্বেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষী, প্রাক্তন ও বর্তমান সদস্য এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমে মানবিক, সুন্দর ও স্বপ্নময় সমাজ বিনির্মাণে ভবিষ্যতেও স্বপ্নোত্থানের কার্যক্রম আরও বিস্তৃত হবে।”