
আলি আহমদ রিপন স্টাফ রিপোর্টার মৌলভীবাজার)
ডিজিটাল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন এক মাইলফলক স্থাপন করেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৪নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ। রাজনগর উপজেলার মধ্যে প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইন ভিত্তিক নাগরিকত্ব সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
এ উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমেদ রাসেল জানান, এখন থেকে ইউনিয়নের নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নাগরিকত্ব সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্রের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে দ্রুত সনদ সংগ্রহের সুযোগ পাবেন, ফলে ইউনিয়ন পরিষদে এসে দীর্ঘ সময় অপেক্ষা কিংবা অপ্রয়োজনীয় ভোগান্তির অবসান হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে এই সেবার আওতায় প্রথম অনলাইন নাগরিকত্ব সনদ ইস্যু করা হয়েছে, যা ডিজিটাল সেবা কার্যক্রমের সফল সূচনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পাঁচগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও স্মার্ট ইউনিয়নে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এই ডিজিটাল সেবার মাধ্যমে ইউনিয়নবাসী আরও সহজ ও দ্রুত সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।