
নিজস্ব প্রতিবেদক|
বৈষ্ণব কবি ও লোকসংগীতের কিংবদন্তি গীতিকার রাধারমণ দত্তের স্মরণে আগামীকাল ২৬ মে উদযাপিত হতে যাচ্ছে ‘ধামাইল দিবস’। বাংলার লোকসংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ ধামাইল গান ও নৃত্যের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জামালপুরের কেশবপুরে কবির নিজস্ব বাসভবনে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে রাধারমণ দত্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর সকাল ১১টায় ধামাইল সংস্কৃতির ইতিহাস ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মধ্যাহ্ন ১২টা থেকে শুরু হবে উৎসবের মূল আকর্ষণ—ঐতিহ্যবাহী ধামাইল গান ও নৃত্যের নান্দনিক পরিবেশনা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মো. আবু হায়রা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রখ্যাত গীতিকার মো. আছকর আলী।
এছাড়াও বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় বরেণ্য শিল্পী, সংস্কৃতিকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ধামাইলের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মাঝে এই লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকল সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষকে উৎসবে উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানিয়েছেন।