
নিজস্ব প্রতিবেদক, দিরাই (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দিরাই উপজেলার চিতলিয়া গ্রাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য পরিবেশন, আপত্তিকর মন্তব্য এবং গ্রামের নিরীহ মানুষ ও শিক্ষার্থীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। পুলিশের নায়েক জুয়েল দাসের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে চিতলিয়া নাট মন্দির প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
চিতলিয়া গ্রামবাসী’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, নায়েক জুয়েল দাস তার নিজ গ্রাম চিতলিয়াকে নিয়ে ফেসবুকে ক্রমাগত কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গ্রামের সম্মানহানি করছেন। শুধু তাই নয়, নিজের প্রভাব খাটিয়ে গ্রামের সাধারণ মানুষ এবং উদীয়মান ছাত্রদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
বক্তারা আরও বলেন, একজন পুলিশ সদস্য হয়েও নিজ গ্রামের মানুষের বিরুদ্ধে এমন প্রতিহিংসামূলক আচরণ অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জুয়েল দাসের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
আকাশ দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-,সূর্যলাল দাস সাবেক ইউপি সদস্য,কৃষ্ণধন দাস,গণেণ দাস, বীর মুক্তিযোদ্ধা কুমোধ রঞ্জন দাস,বীর মুক্তিযোদ্ধা বিজন দাস,সেতু রঞ্জন দাস, সনজিত দাস প্রমূখ। এছাড়াও মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।