
সুনামগঞ্জের আলফাত স্কয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৮ দোকান, ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি।
রবিবার(২৯মার্চ)রাত এগারোটা দিকে সুনামগঞ্জ শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) সংলগ্ন হক সুপার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের অন্তত সাত থেকে আটটি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১২ কোটি টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার মধ্য রাতে হঠাৎ করেই হক সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল বা নগদ টাকা বের করার সুযোগ পর্যন্ত পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা। তবে ততক্ষণে মার্কেটের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে— রাজধানী সু স্টোর, তপু সু স্টোর, মৌ সু স্টোর, পারভেজ ইলেকট্রনিক্স এবং সুমি ক্লথ স্টোরসহ আরও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। জুতা, কাপড় ও ইলেকট্রনিক্স সামগ্রীর এসব দোকানে থাকা বিপুল পরিমাণ মালামাল এবং ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া ব্যবসায়ীদের আর্তচিৎকারে ওই এলাকায় এক বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত একজন ব্যবসায়ী জানান, নিমেষেই আমার তিলে তিলে গড়া স্বপ্ন শেষ হয়ে গেল। এখন আমরা পথে বসে গেছি।”
আগুনের সঠিক সূত্রপাত কীভাবে হয়েছে, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ এবং সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।