
যুক্তরাজ্য প্রতিনিধ :
বিশ্বমঞ্চে বাঙালির মেধা, মনন আর সংস্কৃতিকে তুলে ধরতে আগামী ২০২৬ সালে গ্রিসের ঐতিহাসিক শহর এথেন্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মহতী আয়োজন। ‘বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ডস – গুরুজনের সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব ২০২৬’ শিরোনামের এই উৎসবটি একইসাথে ‘গ্লোবাল বাংলাদেশি প্রফেশনালস নেটওয়ার্কিং সামিট’ হিসেবেও আত্মপ্রকাশ করবে।
আগামী ১২, ১৩ ও ১৪ই জুন ২০২৬—টানা তিন দিনব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি গুণীজন, সফল পেশাজীবী, উদ্যোক্তা এবং নতুন প্রজন্মের উদীয়মান নেতৃত্বকে সম্মাননা প্রদান করা। এই সম্মেলনের মাধ্যমে তৈরি হবে একটি শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক, যা ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে থাকছে আন্তর্জাতিক মানের সম্মেলন, বিশেষ নেটওয়ার্কিং সেশন এবং চোখ ধাঁধানো সাংস্কৃতিক পরিবেশনা। যেখানে বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সৃজনশীলতাকে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হবে।
এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজক কর্তৃপক্ষ এই মহতী লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা, গঠনমূলক দিকনির্দেশনা এবং সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন। বিশ্বজুড়ে প্রবাসীদের এই মহা-মিলনমেলা কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি হতে যাচ্ছে বিশ্বমঞ্চে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতির এক অনন্য দলিল।