
দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা
জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও সম্ভাব্য এমপিদের প্রতি ৪ দফা জনদাবি উত্থাপন
দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির–এর সঙ্গে এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দিরাই সমাজ সেবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, মানবিক ও সমাজকল্যাণমূলক সংগঠন হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও সম্ভাব্য সাংসদদের প্রতি ৪ দফা জনদাবি তুলে ধরে। এসব দাবি সংগঠনের পক্ষ থেকে উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ।
দাবিগুলোর মধ্যে রয়েছে—
পথশিশুদের মানবিক অধিকার নিশ্চিতকরণ, যার আওতায় নিরাপদ আশ্রয়, মানসম্মত শিক্ষা ও নিয়মিত খাদ্য নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ;
যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, যেখানে স্থানীয় যুবদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি, কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ এবং উদ্যোক্তা হওয়ার বাস্তব সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়;
যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন, যার মাধ্যমে রাস্তাঘাট, সড়ক ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানানো হয়;
এবং মাদকমুক্ত সমাজ গঠন, যেখানে যুবসমাজকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা, আইনগত ব্যবস্থা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের সভাপতি দেবাশীষ দাস দেবল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম জিলানী।
এতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুস্তাহার মিয়া মুস্তাক, সদস্য সচিব নেজাবুল ইসলাম, সাংবাদিক এমরান আহমদ, সাংবাদিক ওবায়দুল হক, এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মারুফ হাসান।
বক্তারা বলেন, দিরাইকে একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে এসব বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।” দিরাই সমাজ সেবা ফাউন্ডেশন বিশ্বাস করে, নির্বাচিত এমপি হিসেবে দায়িত্ব পেলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এসব জনদাবি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
সভায় দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়।