
সিলেটের প্রাপ্য হিস্যার দাবিতে সংসদে সোচ্চার আরিফুল হক চৌধুরী
সিলেট অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে জাতীয় সংসদে জোরালো বক্তব্য দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেট থেকে উত্তোলিত গ্যাস দেশের বিভিন্ন অঞ্চলের শিল্প ও গৃহস্থালিতে ব্যবহৃত হলেও, এই অঞ্চলের অনেক মানুষ এখনও রান্নার গ্যাস সুবিধা থেকে বঞ্চিত।
মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, সিলেটের প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট অংশ স্থানীয় উন্নয়ন ও অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া সময়ের দাবি। তিনি এটিকে সিলেটবাসীর ন্যায্য অধিকার হিসেবে আখ্যায়িত করেন।
তিনি আরও বলেন, সিলেটের গ্যাস সারাদেশের অর্থনীতিকে সচল রাখলেও সিলেটের অনেক এলাকায় এখনও গ্যাস সংযোগ পৌঁছেনি।” এ বৈষম্য দূর করে অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যে তিনি সিলেটের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি।