
জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি।
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে খন্দকার ইনসান আহমেদ মনিরকে সভাপতি এবং ছাদিকুর রহমান স্বাধীনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট জামালগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দুপুর ৩টায় উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সী এবং জেলা কমিটির সদস্য মুন্না চৌধুরী।
সম্মেলনে বক্তারা বলেন, হাওর শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। হাওরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, নদ-নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কৃষিনির্ভর মানুষের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিবছর আগাম বন্যার ঝুঁকি মোকাবিলায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিভিন্ন সময়ে বাঁধ নির্মাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, অবহেলা, ধীরগতি, দুর্নীতি এবং ঠিকাদারি সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ ওঠে। এসব অনিয়ম কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ে মানসম্মত কাজ সম্পন্ন হচ্ছে কি না, তা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পর্যবেক্ষণ করতে হবে।
তারা বলেন, হাওরের নদী, খাল-বিল ও জলাশয় দখল-দূষণমুক্ত রাখা, অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ করা, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। এ ক্ষেত্রে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নবগঠিত উপজেলা কমিটি হাওরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার, কৃষকের স্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং নদ-নদী রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন কার্যক্রমের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংগঠনটি সোচ্চার থাকবে।
সম্মেলনে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের সচেতন, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৩৫ সদস্যবিশিষ্ট নবগঠিত জামালগঞ্জ উপজেলা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি খন্দকার ইনসান আহমেদ মনির, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন।
সহসভাপতি হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম সরকার, মো. আফাই হোসেন, সেলিম আহমেদ, জসিম উদ্দিন, আবুল হোসেন মোড়ল ও শাহানুর আলম।
যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল মুরছালিন।
সাংগঠনিক সম্পাদক সৈয়দ দ্বীন ইসলাম স্বপন ও সুলেমান আফিন্দী জাফরান।
অর্থ সম্পাদক সাব্বির রহমান আরিফ।
বাঁধ বিষয়ক সম্পাদক নাফিউদ্দোহা ও মিজান মিয়া।
দপ্তর সম্পাদক আজাদ মিয়া।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু ইউসুফ নাঈম।
শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পারভেজ মোশাররফ জিহাদ।
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম।
আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আজিমুদ্দিন হেলাল।
দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাইনুদ্দীন।
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আশরাফ খান।
নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল।
হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক নকুল দাশ।
মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাহাঙ্গীর আলম।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দেলোয়ার জাহান আরিফ, কামাল হোসেন, মো. জোবায়ের, রুহুল আমিন, জুয়েল মিয়া, মিছবা তালুকদার, ইয়াছিন আরাফাত, শাহা আলম, মোশাহিদ মিয়া ও আপন মিয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাওরের পরিবেশ-প্রকৃতি, নদ-নদী, কৃষি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।