
আল আমিন, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় মধ্যনগর ও আশপাশের বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ থেকে দশম শ্রেণির মোট ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নিবন্ধিত শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী। সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিপন তালুকদার।
পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোর কণ্ঠ পাঠক ফোরামের জেলা পৃষ্ঠপোষক মো. সুলতান আহমেদ এবং উপজেলা পৃষ্ঠপোষক জুবায়ের শামীম।
আয়োজকরা জানান, মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধার বিকাশ ঘটানোই তাঁদের মূল লক্ষ্য। বিশেষ করে ভাটি অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।