
মোঃ রাজিব হোসেন পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় এক দুধ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে নকল দুধ তৈরির জেলি, তেল ও কেমিক্যালসহ নকল দুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে মো. আবুল বাশারের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যৌথ অভিযান দল এটি পরিচালনা করে। ভাঙ্গুড়া থানা পুলিশ সহায়তা করে।
অভিযানে ৩৬ ড্রাম জেলি (ওজন প্রায় ২৭০০ কেজি), দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল এবং ৩২০ লিটার নকল দুধ জব্দ করা হয়। জব্দকৃত উপকরণ ও দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
অভিযুক্ত মো. আবুল বাশার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে। তাঁর সহযোগী মো. সবুজ একই গ্রামের মো. হাবিল প্রামাণিকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড এবং সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে সবুজকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র জানায়, আবুল বাশার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বিভিন্ন উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, “দীর্ঘদিন ধরে মো. আবুল বাশার নকল দুধ তৈরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ৩৬ ড্রাম জেলি, ২০০ লিটার তেল ও ৩২০ লিটার নকল দুধ জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”